শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইতালিতে নৃশংসভাবে এক বাংলাদেশি নাগরিককে হত্যা

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 01:04 দুপুর • 262 বার পঠিত
ইতালিতে নৃশংসভাবে এক বাংলাদেশি নাগরিককে হত্যা

ইতালিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রশিদ হাওলাদারের বাড়ি মাদারীপুর জেলায়।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৬ বাংলাদেশিকে গ্রেফতার করতে মাঠে নেমেছে ইতালিয়ান পুলিশ। জানা গেছে, মিলান শহরের প্রাণকেন্দ্র স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সামনে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে এ ঘটনাটি ঘটে। বাকবিতণ্ডার এক পর্যায়ে ৬ বাংলাদেশির একটি সংঘবদ্ধ দল হাতুড়ি ও চেইন দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে রশিদ হাওলাদারকে।

পুলিশ ও অ্যাম্বুলেন্স আসার আগেই খুনিরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মারা যান রশিদ হাওলাদার।

ইতালিয় পুলিশের সায়েন্টিফিক টিম ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করেছে। ২ খুনিকে ইতিমধ্যে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চলছে।