শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলকে ইরানের হুমকি

তাওহীদ বিন সানাউল্লাহ • 15 অক্টোবর 2023, 01:13 দুপুর • 287 বার পঠিত
ইসরায়েলকে ইরানের হুমকি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সংঘাত চলছে। ইতোমধ্যে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।

গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হামাস নেতা ইসমাইল হানিয়াহর সঙ্গে কাতারে সাক্ষাৎ করেন।  যেখানে দু'জন যুদ্ধরত গোষ্ঠীর লক্ষ্য অর্জনে "সহযোগিতা চালিয়ে যেতে" সম্মত হয়েছেন বলে হামাস এক বিবৃতিতে জানিয়েছে।

বাংলাদেশ সময় শনিবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

লাইভ আপডেটে আরও উল্লেখ করা হয়, ‘খুব দেরী’ হওয়ার আগেই ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলেছে ইরান।
এদিকে আজ আফ্রিকার দেশ নাইজেরিয়ার শিয়া মতাবলম্বীদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে তেহরানে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৈঠকে গাজার চলমান যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম এক প্রতীক বলে অভিহিত করেছেন তিনি।

খামেনি বলেন, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক নজিরবিহীন হামলা ফিলিস্তিনিদের বিজয় ডেকে আনবে। চলমান হামাস-ইসরায়েল যুদ্ধকে ‘ইসলামের শক্তির অন্যতম প্রতীক’ বলে অভিহিত করেছেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান ঘটনাপ্রবাহ ফিলিস্তিনে ইসলামের অবিশ্বাস্য শক্তির এক ইঙ্গিত। ইনশাআল্লাহ, ফিলিস্তিনে যে পদক্ষেপ শুরু হয়েছে তা এগিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে।

এর আগে গত ৭ অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এখনো তারা স্বল্প পরিসরে রকেট হামলা চালাচ্ছে। এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। দিনদিন সেই হামলা জোরালো হচ্ছে। উভয়পক্ষের চলমান এই হামলা-পাল্টা হামলার এক সপ্তাহ চলছে আজ।