ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস
ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সেই সঙ্গে দেশটির একটি গ্যাস ফ্ল্যাটফর্মে সাবমেরিন ড্রোন দিয়ে হামলা করেছে তারা। সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দীন আল কাসসাম বিগ্রেড এ হামলার দাবি করেছে বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি।
খবরে বলা হয়েছে, সোমবার বিকালে কাসসাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া, কাসসাম ব্রিগেড ইহুদি উপশহর ‘হার্টসলিয়া’-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।
এদিকে, মনুষ্যবিহীন সাবমেরিন দিয়ে সমুদ্রে ভাসমান ইসরায়েলি একটি গ্যাস প্লাটফর্মে হামলা চালিয়েছে হামাস। ৫০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম সাবমেরিনটির ভেতরে রয়েছে বিল্ট-ইন জিপিএস। গত রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।