ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাইডেনের প্রতি আহ্বান
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে তিনি বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক।
গুতেরেস তার চিঠিতে বলেন, “আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে ইরানের প্রতি এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি এখনো বিশ্বাস করি ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা।”
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যখন ধারাবাহিক সংলাপ চলছে তখন এ আহ্বান জানালেন অ্যান্তোনিও গুতেরেস।