শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি—এমন দাবি ‘ভুল’ বললেন ট্রাম্প

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 25 জুন 2025, 12:30 দুপুর • 333 বার পঠিত
ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি—এমন দাবি ‘ভুল’ বললেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি—গণমাধ্যমে প্রচারিত এমন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্যকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেন এবং গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, “ভুয়া খবরের সিএনএন এবং ডুবন্ত নিউইয়র্ক টাইমস মিলে আমাদের ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্ব খাটো করে দেখাতে চাইছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে! সাধারণ মানুষ এখন এই সংবাদমাধ্যমগুলোর ওপর ক্ষুব্ধ।”

তবে নিউইয়র্ক টাইমস ও সিএনএনের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। গোপন গোয়েন্দা প্রতিবেদনকে উদ্ধৃত করে বলা হয়, হামলায় ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় প্রবেশপথ আঘাতের শিকার হলেও ভূগর্ভস্থ কাঠামোগুলো অক্ষত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ সরিয়ে ফেলেছিল, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব উপাদান গোপন স্থাপনাগুলোতে স্থানান্তর করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)–র একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষয়ক্ষতি প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার তুলনায় কম হয়েছে। এমনকি হামলার পরও ইরান তাদের অধিকাংশ পারমাণবিক উপাদানের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এতে ইঙ্গিত দেওয়া হয়, ইরান চাইলে দ্রুত সময়ের মধ্যে আবার পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এগোতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এই প্রতিবেদন তৈরিতে যেসব মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে, তাঁরা নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।

হোয়াইট হাউস অবশ্য গোয়েন্দা সংস্থার ওই মূল্যায়নের সঙ্গে একমত নয়। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানান, “এই তথাকথিত মূল্যায়ন পুরোপুরি ভুল। এটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে, যার লক্ষ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং সাহসী বৈমানিকদের মানহানি করা, যাঁরা নিখুঁত পরিকল্পনায় অভিযানে অংশ নিয়েছেন।”

তিনি আরও বলেন, “৩০ হাজার পাউন্ড ওজনের ১৪টি বোমা যদি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে ফেলা হয়, তাহলে তার ফলাফল হবে একটিই—সম্পূর্ণ ধ্বংস।”