ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে
ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি জেলায় এসব দুর্যোগ ঘটেছে। উত্তর লুয়ু জেলায় হড়কা বান আঘাত হানার পর থেকে ২৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধাকারী কর্মকর্তারা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
দুর্যোগ প্রশমণ সংস্থা এবং তল্লাশি ও উদ্ধার সংস্থার স্থানীয় কর্মকর্তারা জানান, ভারি বৃষ্টিপাতে বেশ কয়েকদিন ধরে নিকটবর্তী তিনটি নদীতে প্লাবন দেখা দিয়েছিল, তখন ৬৫৫ জন লোককে সরিয়ে নেয়া হয়।
নির্দিষ্টভাবে বর্ষাকালে ইন্দোনেশিয়া ঘনঘন বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের শিকার হয়। বন উজাড়ের কারণে এই পরিস্থিতি দিন দিন আরো নাজুক হচ্ছে।
উল্লেখ্য, জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্মরণকালের মধ্যে অন্যতম ভারি বৃষ্টিপাত হয়েছিল। ওই বৃষ্টিপাতে দেখা দেয়া হঠাৎ বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছিল।