হজযাত্রীদের সেবায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ
হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষে, ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে যে, সভায় হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, "পবিত্র হজ পালন সহজ করার জন্য মহান আল্লাহ আমাদের সবাইকে একটি সুযোগ দিয়েছেন। আমাদের নিশ্চিত করতে হবে যে, কোনো হজযাত্রী যেন ভোগান্তির শিকার না হন।"
দেশে বর্তমানে ১,২৭৫টি লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সি রয়েছে। এর মধ্যে ৯৪১টি কার্যক্রম পরিচালনার যোগ্য, ৭৫৩টি হজযাত্রী নিবন্ধনকারী এবং ৭০টি লিড এজেন্সি। এসব এজেন্সির দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, "সরকারের দায়িত্ব হলো নিশ্চিত করা যে, এজেন্সিগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করছে। যদি কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজ প্রক্রিয়া হতে হবে সহজ ও স্বচ্ছ। সরকারের ও এজেন্সির দায়িত্ব সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকতে হবে।"
প্রধান উপদেষ্টা একটি কেন্দ্রীয় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপনের নির্দেশ দেন, যা সার্বক্ষণিক মনিটরিং করবে। কল সেন্টার থেকে আসা অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করতে হবে। এছাড়া, একটি ওয়েবসাইট চালু করার পরামর্শ দেন, যেখানে হজযাত্রীরা অভিযোগ জানাতে পারবেন এবং হারিয়ে গেলে তাদের অবস্থান খুঁজে পাওয়া যাবে।
হজ ব্যবস্থাপনা আরও সহজ করতে তিনি ভবিষ্যতে ‘হজ ক্রেডিট কার্ড’ চালুর নির্দেশ দেন, যা অর্থ ব্যবস্থাপনা সহজ করবে। একইসঙ্গে, লাগেজ ব্যবস্থাপনার জন্য ট্যাগের কপি সংরক্ষণ করতে হবে, যাতে লাগেজ হারানোর ঘটনা কমে আসে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে নিবন্ধন করেছেন। তবে, সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।