হজ শেষে ২৪ হাজার ১৫৮ হাজি দেশে ফিরলেন, মৃত্যু ৯০
সৌদি আরব থেকে ২৪ হাজার ১৫৮ জন হাজি হজ শেষে দেশে ফিরেছেন। ৩ এয়ারলাইন্সের মোট ৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭টি এবং ফ্লাইনাসের ১৫টি ফ্লাইট।
শুক্রবার রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে পরিবহন ও বিতরণ করা হবে।
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতি হাজির জন্য পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।
চলতি বছর মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হাজি হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব যান। হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী বহন করে, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী বহন করে ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন। শেষ ফিরতি ফ্লাইট আগামী ২ আগস্ট হওয়ার কথা রয়েছে।
এদিকে, হজে গিয়ে এবার সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৯০ জন হজযাত্রী। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং নারীর সংখ্যা ২১ জন। মক্কায় মারা গেছেন ৭৪ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, জেদ্দায় ১, আরাফায় ২ জন এবং মুজদালিফা ১ জন।