শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

হিমাগারে ১ কেজি আলু রাখতে গুনতে হবে ৮ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 08 ফেব্রুয়ারি 2025, 06:52 বিকাল • 355 বার পঠিত
হিমাগারে ১ কেজি আলু রাখতে গুনতে হবে ৮ টাকা

শনিবার ঢাকার পুরানা পল্টনে অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, “২০২৫ সালে খরচ বিবেচনায় নিয়ে কেজি প্রতি ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৮ টাকা কেজি প্রতি ভাড়া নির্ধারণের যৌক্তিকতা যাচাই করার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মোস্তফা আজাদ আরও বলেন, “ব্যাংক ঋণের সুদহার বেড়ে গেছে। বিদ্যুতের খরচ হিসাব করলে ৭ টাকা তো চলে যায়।”

তিনি ব্যাখ্যা করেন, ১০ হাজার মেট্রিক টনের একটি হিমাগারের ব্যাংক ঋণের সুদ হিসাব করলে প্রতি কেজি আলু সংরক্ষণে ৫.৮৬ টাকা এবং বিদ্যুৎ খরচ ১.১০ টাকা, মোট ৬.৯৬ টাকা খরচ হয়। অতীতের লোকসান, ঋণের কিস্তি পরিশোধের চাপ এবং অন্যান্য ব্যয় বিবেচনায় ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

হিমাগার একটি মৌসুমভিত্তিক শিল্প উল্লেখ করে আজাদ বলেন, “বর্তমানে বাংলাদেশ ব্যাংক প্রতি ৩ মাস পর পর ব্যাংক ঋণের কিস্তি প্রদানের নির্দেশনা দিয়েছে।” ত্রৈমাসিক ভিত্তিতে ঋণের কিস্তি দিতে না পারলে অনেক উদ্যোক্তা খেলাপি হতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি হিমাগারকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণার দাবি জানিয়ে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন:
১। ব্যাংক ঋণের সুদহার ১৭% থেকে কমিয়ে ৭% করা
২। বিদ্যুতের ইউনিট রেট পিক আওয়ারে ৫ টাকা নির্ধারণ
৩। ভ্যাট প্রত্যাহার
৪। উৎসে কর কর্তন (টিডিএস) বাতিল
৫। ত্রৈমাসিক ঋণের পরিবর্তে বাৎসরিক কিস্তি করা

তিনি সতর্ক করেন, হিমাগারের সামনে বাধা দিলে কোল্ড স্টোর বন্ধ হয়ে যেতে পারে। বর্তমান আর্থিক চাপে অনেক উদ্যোক্তা খেলাপি হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।