শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 05 সেপ্টেম্বর 2022, 09:12 রাত • 266 বার পঠিত
হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

হবিগঞ্জ জেলার মাধবপুরে আজ দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন যশোরের শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে ট্রাকচালক রুবেল হোসেন (৩৫) ও তার সহকারী একই জেলার ঝিকরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলী (২৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সোমবার দুপুরে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগির খাবারবাহী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বালুবাহী ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, নিহত দু’জনের মরদেহ হবিগঞ্জ ২৫০-শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ ট্রাক দু’টি উদ্ধার করা হয়েছে।