শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হাইতির রাজধানীতে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2021, 05:50 বিকাল • 275 বার পঠিত
হাইতির রাজধানীতে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক এবং একজন রাজনৈতিক কর্মী রয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমের একটি ছবিতে দেখা গেছে রিপোর্টার দিয়েগো চার্লসের মরদেহ মাটিতে পড়ে আছে। অপরদিকে রাজনৈতিক কর্মী অ্যান্তয়িনেত্তে ডুক্লেয়ারের মরদেহ তার গাড়িতে পড়ে আছে। চার্লসে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন ডুক্লেয়ার। সে সময়ই তাদের গুলি করা হয়।

এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করছে।

গত কয়েক মাস ধরেই হাইতির রাজধানীতে বিভিন্ন অপরাধ চক্রগুলো সহিংস হয়ে উঠেছে। এতে কয়েক হাজার পরিবার নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর মধ্যেই বুধবার গোলাগুলির ঘটনায় পাঁচজন প্রাণ হারাল।

চলতি মাসের মাঝামাঝিতে হাইতিতে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি ব্রুনো মায়েস বলেন, চলতি বছরের শুরু থেকেই হাইতিতে নিরাপত্তাহীনতা অনেক বেশি বেড়ে গেছে। রাজধানীতে সহিংসতা বেড়ে যাওয়ায় হাজার হাজার শিশু এবং নারীর জীবন ঝুঁকিতে রয়েছে।