ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার, তেল ও সোনার দামেও ঊর্ধ্বগতি
বিশ্বজুড়ে টালমাটাল অবস্থার মধ্যে ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার। পাশাপাশি বেড়েছে তেল ও সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ একটি সিদ্ধান্ত এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গতকাল (বাংলাদেশ সময় বুধবার রাত) ট্রাম্প চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন। এতে করে বিশ্ববাজারে আশার সঞ্চার হয় এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরপরই ইতিবাচক প্রবণতা দেখা যায়।
বিশ্বব্যাপী এই বাজার পুনরুদ্ধারের প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার সকালে জাপানের নিক্কি সূচক ৮ শতাংশ বৃদ্ধি পায়। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৫.৬ শতাংশ, সাংহাই কম্পোজিট সূচক ১ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং সূচক ২.৬ শতাংশ, তাইওয়ানের তাইয়েক্স সূচক ৯.২ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স সূচক ৪.৬ শতাংশ বেড়ে বাজারে চাঙ্গাভাব ফিরিয়েছে।
মার্কিন বাজারেও একই ধারা দেখা গেছে। এস অ্যান্ড পি ৫০০ সূচক ৯.৫ শতাংশ বেড়ে উল্লেখযোগ্য উত্থান ঘটিয়েছে। একই সঙ্গে বন্ডের সুদহার হ্রাস পেয়েছে এবং ডলারের মানও বেড়েছে, যা বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
এদিকে, বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস বৈশ্বিক মন্দার আশঙ্কা ৬৫ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশে নামিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, যদিও এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে, তবে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত মূলত আলোচনায় সুবিধাজনক অবস্থান তৈরির কৌশল। তাঁর ভাষায়, "ট্রাম্প শুরু থেকেই শুল্ককে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন।"
তেলের দামেও ঊর্ধ্বগতি
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে গেলেও ট্রাম্পের ঘোষণা বাজারে আত্মবিশ্বাস ফিরিয়েছে। ফলে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ৬৫ ডলার পর্যন্ত উঠে যায়, যদিও আজ সকালে তা কিছুটা কমে ৬৪ ডলারের আশেপাশে রয়েছে। ডব্লিউটিআই ক্রুডের দাম এখন ৬১.৮২ ডলার।—তথ্য: অয়েলপ্রাইস ডট অর্গ।
বাড়ছে সোনার দাম
বাজারে অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সোনার দামও বেড়েছে। ২ এপ্রিলের পর কিছুটা পতনের মুখ দেখলেও, গতকাল থেকে সোনার দাম আবার বাড়তে শুরু করে। আজ সকালে প্রতি আউন্স সোনার দাম ১৪৪ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৩,১২৫ ডলারে।—তথ্য: গোল্ডপ্রাইস ডট অর্গ।