শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৩৫টি হাসপাতাল

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 13 এপ্রিল 2025, 01:22 দুপুর • 351 বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৩৫টি হাসপাতাল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নির্বিচারে চালানো এসব হামলায় বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, উদ্বাস্তু শিবির এমনকি হাসপাতালও।

হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে এ পর্যন্ত গাজায় ৩৫টি হাসপাতালে হামলা চালানো হয়েছে কিংবা সেগুলোতে আগুন দেওয়া হয়েছে।

আজ রোববার এক বিবৃতিতে এসব ক্ষতিগ্রস্ত হাসপাতালের তালিকা প্রকাশ করেছে দপ্তরটি। তালিকায় রয়েছে সর্বশেষ হামলার শিকার গাজা শহরের আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতাল। আজকের হামলায় এ হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী, যার ফলে জরুরি বিভাগ, অভ্যর্থনাকেন্দ্রসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তালিকায় আরও রয়েছে আল-শিফা মেডিকেল কমপ্লেক্স, আল-কুদস হাসপাতাল, তার্কিশ-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল, ইন্দোনেশিয়ান হাসপাতাল, কামাল আদওয়ান হাসপাতাল, আল-আওদা হাসপাতাল, জর্ডান ফিল্ড হাসপাতাল, জাফা হাসপাতাল এবং নাসের মেডিকেল কমপ্লেক্স।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে আল-আহলি হাসপাতালে এক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

আজকের হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গাজার বেসামরিক জরুরি পরিষেবা বিভাগ। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।