শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজা ইস্যুতে আরব দেশগুলোর নতুন বিকল্প প্রস্তাব

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2025, 10:56 দুপুর • 111 বার পঠিত
গাজা ইস্যুতে আরব দেশগুলোর নতুন বিকল্প প্রস্তাব

কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পরিবর্তে নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে আরব দেশগুলো। মিসরের দেওয়া এ পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এ পরিকল্পনা অনুযায়ী, গাজা পুনর্গঠনে ৫,৩০০ কোটি ডলার প্রয়োজন হবে এবং এতে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার জনগণকে মিসর ও জর্ডানে পাঠিয়ে সেখানে উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন।

সম্মেলনে সিসি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় চলমান সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, এই সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর ভবিষ্যৎ নির্ধারণ এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

গাজার প্রশাসন পরিচালনার বিষয়ে মিসরের প্রেসিডেন্ট জানান, একটি স্বতন্ত্র, পেশাদার টেকনোক্র্যাট কমিটি গঠনে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে এই কমিটি মানবিক সহায়তা তদারকি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে জানান, ছয় মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনার জন্য একজন প্রধান মনোনীত করা হয়েছে, তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত জানিয়েছেন, মিসরের প্রস্তাবটি ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা করেই উপস্থাপন করা হয়েছে এবং সম্মেলনে অনুমোদিত হওয়ার পর এটি এখন পুরো আরব বিশ্বের পরিকল্পনায় পরিণত হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিসরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং গাজার জনগণকে বাস্তুচ্যুত না করার বিষয়টিকে বিশেষভাবে প্রশংসা করেছেন। পাশাপাশি, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকেও এই পরিকল্পনাকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় প্রতিষ্ঠান গঠনের প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে দ্রুত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে, যা গাজার শাসনভার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।