ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড় মারা সেই যুবককে চার মাসের কারাদণ্ড
ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড় মারা সেই যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্ত ওই যুবকের নাম ড্যামিয়েন ট্যারেল।
বৃহস্পতিবার দেশটির একটি আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড দেন। পরে অবশ্য ১৪ মাসের সাজা স্থগিত করা হয়েছে। ফলে চার মাস কারাগারে থাকতে হবে অভিযুক্ত ট্যারেলকে।
এর আগে গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পূর্বের ড্রোম অঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সরকারি এই সফরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় ট্যারেল প্রকাশ্যেই ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন।
ড্যামিয়েন ট্যারেলের বলেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সফরের কয়েকদিন আগেই তার ওপর ডিম কিংবা ক্রিম টার্ট নিক্ষেপ করার কথা ভেবেছিলেন। তবে থাপ্পড় দেয়ার বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন একবার ডিম হামলার শিকার হয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কট্টর-বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।