শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত থামাতে তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূত

অনলাইন নিউজ পোর্টাল • 15 মে 2021, 05:20 বিকাল • 701 বার পঠিত
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত থামাতে তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূত

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত তাণ্ডবের মধ্যে তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর। সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কূটনীতিকদের আহ্বানের মধ্যেই শনিবার তেল আবিবে পৌঁছান তিনি।

দুই পক্ষকে অস্ত্র বিরতিতে রাজি করাতে ইসরায়েল, ফিলিস্তিন ও জাতিসংঘের দূতের সঙ্গে আলোচনা করবেন হাদি আমর। রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তার এই সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনীতিকরা।

সোমবার শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি পক্ষের ১৩৯ জন এবং ইসরায়েলের ৯ জনের মৃত্যুর খবর এসেছে। গাজায় ইসরায়েলি বিমান হামলার পাল্টায় হামাস যোদ্ধাদের রকেট ছোড়া অব্যাহত রয়েছে।

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, হাদি আমরের এই সফরের লক্ষ্য হল ‘একটি টেকসই শান্তির লক্ষ্যে চলমান আলোচনাকে শক্তিশালী করা।’ 

তবে মধ্যস্থতাকারীরা এখন পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের একটি অস্ত্রবিরতি চুক্তিতে রাজি করাতে পারেননি।