ফের টাকার মান ২৫ পয়সা কমল
এপ্রিলের শেষ দিকে একবার টাকার মান কমেছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসে আবার বাংলাদেশি টাকার মান ২৫ পয়সা কমে গেল। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে। প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এতে করে প্রভাব পড়বে দেশীয় আমদানীকারকদের ওপর। কারণ, তাদের আমদানী ব্যয় বাড়বে। লাভ হবে রপ্তানিকারকদের। সেই সঙ্গে লাভবান হবেন প্রবাসীরাও।
গত জানুয়ারি মাসেও প্রতি ডলারের মূল্য ৮৬ টাকার মধ্যে ছিল। বছরের প্রথম মাসের শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়ানো হয়েছিল। তাতে প্রতি ডলারের দাম হয়েছিল ৮৬ টাকা। এরপর গত ২৩ মার্চ আবার ডলারের মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়। শেষবার দাম বাড়ানো হয় গত ২৭ এপ্রিল। তখন প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল।
জানা গেছে, ঈদের কারণে দেশে প্রবাসী আয় ভালো এসেছিল। কিন্তু এর মধ্যে আমদানী খরচ খুব বেড়ে গেছে। বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় তা হয়েছে। রপ্তানি আয় ও প্রবাসী আয় দিয়ে সেই খরচ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণে দেশের মুদ্রাবাজারে অস্থিরতা আছে।