শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এপ্রিলে ৭৯ শতাংশ কম বৃষ্টিপাত ও মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

অনলাইন নিউজ পোর্টাল • 02 মে 2021, 09:57 রাত • 603 বার পঠিত
এপ্রিলে ৭৯ শতাংশ কম বৃষ্টিপাত ও মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রায় দশ বছর পর এপ্রিলে দেশে রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত হয়েছে। আর স্বাভাবিকের চেয়ে সেটা ৭৯ শতাংশ কম। মে মাসেও স্বাভাবিকের চেয়ে কম বর্ষণ হওয়ার আভাস রয়েছে। এছাড়া চলতি মাসে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও।

আবহাওয়া অধিদফতর দীর্ঘমেয়াদি এক পূর্বাভাস ও বিগত মাসের আবহাওয়ার পর্যালোচনা করে এমনটি জানিয়েছে।

অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদন বলা হয়েছে- এপ্রিলে আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনাকালে পরিলক্ষিত হয় যে, সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৭৯ শতাংশ) বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা ও পূবালী লঘুচাপের প্রভাব কম থাকায় স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ু প্রবাহের সংযোগে এবং বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের যোগান বাড়ায় ৪, ০৮, ১৬, ২১ ও ৩০ এপ্রিল সময়ে দমকা/ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হয়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ওঠেছিল ২১ এপ্রিল ঢাকায়, ৮৩ কিমি।

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় তাপীয় লঘুচাপ অবস্থান করায় ২০ ও ২৫ এপ্রিল রাজশাহী, যশোরে ও কুষ্টিয়াঅঞ্চলে তীব্র তাপ প্রবাহসহ ১-০৪, ১০-১৬, ১৯-২১, ২৩-৩০ এপ্রিল সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেকস্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ (৩৬-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ওঠেছিল ২৫ এপ্রিল যশোরে, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে- মে মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখি ঝড় ও দেশের অন্যত্র ৫-৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/ মাঝারি ধরণের কালবৈশাখি ঝড় হতে পারে।