শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দুই সপ্তাহের রিমান্ডে সু চি

অনলাইন নিউজ পোর্টাল • 03 ফেব্রুয়ারি 2021, 08:46 রাত • 98 বার পঠিত
দুই সপ্তাহের রিমান্ডে সু চি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক হওয়া গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে দুই সপ্তাহের রিমান্ড দেয়া হয়েছে। বুধবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শান্তিতে নোবেল বিজয়ী ৭৫ বছর বয়সী এ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ- তিনি আমদানি-রফতানির আইন লঙ্ঘন করেছেন এবং রাজধানী নেপিদোতে অবস্থিত সু চির বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়াকি-টকি রেডিও-সহ অবৈধ যোগাযোগের সরঞ্জাম পাওয়া গেছে।

গত সোমবার ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসক দলের শীর্ষ কয়েকজন নেতা এবং কয়েকশ’ আইন প্রণেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

প্রেসিডেন্ট উইন মিন্তের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ করোনা মহামারিতে সমাবেশ নিষিদ্ধের নিয়ম ভঙ্গ করেছেন তিনি। তাকেও দু’ সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে।

মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে, এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।