দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করলো উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের আন্তঃকোরিয়ান যোগাযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। এমনকি দুই দেশের নেতাদের যোগাযোগের হটলাইনও বন্ধ থাকবে।
উত্তর কোরিয়া জানায়, এটি আগামীতে দেশটির বিরুদ্ধে নেওয়া কয়েকটি পদক্ষেপের একটি মাত্র। মঙ্গলবার (৯ জুন) থেকে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর কেসংয়ে অবস্থিত লিয়াজোঁ অফিসে দৈনিক কল বন্ধ থাকবে। অনেক আলাপ-আলোচনার পর দু’দেশের মধ্যকার সম্পর্কের সংকট কমানোর জন্য ২০১৮ সালে লিয়াজোঁ অফিস খোলার সিদ্ধান্ত হয়েছিল।
১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি হলেও কোনো শান্তিচুক্তিতে না পৌঁছানোয় উত্তর এবং দক্ষিন কোরিয়ায় এখনো যুদ্ধে রয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলে, ‘উত্তর-দক্ষিণ যৌথ লিয়াজোঁ অফিসের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের মধ্যে যে যোগাযোগ হতো, ২০২০ সালের ৯ জুন রাত ১২টা থেকে তা সম্পূর্ণভাবে ছিন্ন এবং বন্ধ করা হবে।’সেই সঙ্গে সামরিক যোগাযোগ চ্যানেলও বন্ধ থাকবে।
করোনা ভাইরাসের বিস্তার রোধে বিধিনিষেধের কারণে জানুয়ারি মাসে লিয়াজোঁ অফিসটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তখন ফোনের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ হতো। ফোনকলে প্রতিদিন সকাল ৯টা এবং বিকেল ৫টায় দুই কোরিয়া যোগাযোগ করতো। তবে ২১ মাসের মধ্যে প্রথমবারের মতো সোমবার (৮ জুন) সকালে দক্ষিণ কোরিয়ার করা কলের উত্তর দেয়নি উত্তর কোরিয়া।