দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে
ভারতের রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের পর এবার দিল্লিতে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে।
নভেল করোনা ভাইরাসের পাশাপাশি ভারতে আতঙ্ক ছড়াচ্ছে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। ভারতের বিভিন্ন রাজ্যে এরই মধ্যে বহু আক্রান্ত শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য এরই মধ্যে এই রোগকে মহামারি আইনের অন্তর্ভুক্ত করেছিল।
এর আগে, গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৬২০ জন। কেজরিওয়ালের ঘোষণা অনুযায়ী, গতকাল নতুন করে শনাক্ত ১৫৩ জন যোগ হলে মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৭৩ জনে।
জানা যাচ্ছে, কালো ছত্রাক নামে পরিচিত এই ছত্রাকটি বাসা বাঁধছে করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুসে। রোগ প্রতিরোধ কমে যাওয়ার দরুণ এই বিপত্তি। এর আগেও অবশ্য প্রাণ কেড়েছে এই ছত্রাক। ফুসফুস প্রতিস্থাপন কিংবা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে এরই রোগকে।