শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ঢাকা সফরে আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 10:27 দুপুর • 748 বার পঠিত
ঢাকা সফরে আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি বাংলাদেশ সফরে আসছেন। আগামী মঙ্গলবার সকালে ঢাকা সফরে এসে বিকেলে চলে যাবেন। এসময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও।
 
চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা শনিবার নিশ্চিত করেছেন। গত বছরের নভেম্বরের শেষে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। সফরের একেবারে আগমুহূর্তে তা স্থগিত হয়ে যায়।
 
কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ে যখন অনেক দেশ আবার টালমাটাল, তখন বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। জেনারেল ওয়েই ফেঙ্গহি ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।