শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের ১২ জেলায় বন্যার অবনতি

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2021, 07:47 সকাল • 259 বার পঠিত
দেশের ১২ জেলায় বন্যার অবনতি

উজানে অতিবৃষ্টির সাথে হু হু করে আসছে ভারতের ঢল। উত্তাল হয়ে ফুলে-ফুঁসে উঠেছে দেশের প্রধান নদ-নদীসমূহ, শাখা-প্রশাখা, উপনদী-খাল। এরফলে বন্যা ও নদীভাঙন আরো বিস্তৃত হয়েছে। সকাল-বিকাল-রাতে দফায় দফায় পানি বাড়ছে নদ-নদীর। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গতকাল শনিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানায়, আজ রোববার উত্তর জনপদের কুড়িগ্রাম, গাইবান্ধা, উত্তর-মধ্যাঞ্চলে জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মধ্যাঞ্চলে টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর হয়ে ভাটিতে শরীয়তপুর ও দক্ষিণের মোহনায় চাঁদপুর এই ১২টি জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

নদ-নদীর পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত থাকায় আরও বিভিন্ন এলাকা বন্যার মুখে রয়েছে। এদিকে গতকাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এরফলে উত্তর-পূর্ব ভারতে এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উজানে ঢলের সঙ্গে ভারতে সব বাঁধ-ব্যারেজ একযোগে খুলে দেয়ার কারণে ভাটিতে দেশের প্রধান নদ-নদীসমূহে ক্রমাগত বাড়ছে পানি। গতকাল ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনাসহ আটটি নদ-নদী ১৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁইছুঁই করছে। এছাড়া বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বৃদ্ধির দিকে এবং বিপদসীমার কাছাকাছি অবস্থানে রয়েছে। পানি যতই বাড়ছে নদীভাঙনের ততই বিস্তার ঘটছে উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল হয়ে ভাটিতে দক্ষিণের চাঁদপুর মোহনা, বৃহত্তর বরিশালের উপকূলভাগ পর্যন্ত।