ডেঙ্গুতে একদিনে ১৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১৫৯৪ রোগী
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 আগস্ট 2023, 08:16 রাত
•
380 বার পঠিত
দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এই সময়ে আরও ১৫৯৪ জন নতুন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
নতুন ১৪ জনকে নিয়ে চলতি ২০২৩ সালে মশাবাহিত রোগটিতে প্রাণ হারালেন মোট ৫২৮ জন। আর এই বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১০ হাজার ২২৪ জনে দাঁড়াল।
হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা আগেই অতীতের সব রেকর্ড ভেঙেছে। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়তে পারে।
তারা জানায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সারাদেশে ভর্তি রোগীদের ৭০৩ জন ঢাকার, ৮৯১ জন ঢাকার বাইরের।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৩৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৭৫৫ জন ঢাকার, ৪১৭৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।