শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ভয়াল আগস্টে রেকর্ড ৩৪২ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 31 আগস্ট 2023, 07:34 বিকাল • 259 বার পঠিত
ডেঙ্গু: ভয়াল আগস্টে রেকর্ড ৩৪২ মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ১৬ জনই ঢাকার। আর এই ১৭ জনকে নিয়ে ভয়াল আগস্টে ৩৪২ জনের মৃত্যু হলো মশাবাহিত রোগ ডেঙ্গুতে। এই ২৪ ঘণ্টায় নতুন আরও ২৩০৮ জন রোগী সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। 

বিদায়ী আগস্টেই ৩০০'র বেশি রোগী মারা গেছেন ডেঙ্গুতে। আগে কখনো এক মাসে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ স্পর্শ করেনি। এমনকি আগের কোনো বছরের কোনো মাসেই এই মাসের মতো এতো বেশি রোগী হাসপাতালে ভর্তি হননি। এই মাসে সংখ্যাটা ৭০ হাজার ছাড়িয়েছে। নির্দিষ্ট করে বললে সংখ্যাটা ৭১ হাজার ৯৭৬ জন।   

ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির নতুন অনাকাঙ্খিত রেকর্ড গড়ে আগস্ট বিদায় নিচ্ছে।

এর আগে বাংলাদেশে ২০১৯ সালের আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওটা ছিল এক মাসে হাসপাতালে ভর্তি রোগীর রেকর্ড। 

এর আগে কোনো বছর ৩০০'র বেশি মানুষের মৃত্যুও হয়নি ডেঙ্গুতে।

নতুন রোগীদের নিয়ে ২০২৩ সালে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৮০৮ জনে। চলতি বছরে রোগটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৩।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের ৮৭৫ জন ঢাকায়, ১৪৩৩ জন ঢাকার  বাইরের বিভিন্ন জেলায়। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৭৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকায় ৩৮১৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি ৪৫৬১ জন।