ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মশা নিয়ন্ত্রণে এই অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক।
আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে যতটুকু সেবা দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। এখন পর্যন্ত ৫০০ মানুষ মারা গেছেন, আক্রান্তর সংখ্যাও ১ লাখ অতিক্রম করেছে। মশা নিয়ন্ত্রণে না আসায় এই ৫০০ লোক মৃত্যুবরণ করেছে। কাজেই এখন এডিস মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
তিনি আরো বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। তাই স্প্রেটা জোরদার করতে হবে। এছাড়া আরও জোরদার করতে হবে সিটি করপোরেশন ও পৌরসভায় এই কাজকর্মটি, যাতে তারা সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ ব্যবহার না করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশেপাশের দেশের তুলনায় আমাদের দেশে ডেঙ্গু অনেক বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দিয়ে যাচ্ছে , মানুষের কোনো কমপ্লেন নেই সেবা নিয়ে। কিন্তু মশা নিয়ন্ত্রণে না আসলে ডেঙ্গুরোগী কমবে না এবং মৃত্যু কমবে না। এজন্য যার যার দায়িত্ব সেই পালন করলে ভালো হবে।