ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২৭৮২ জন, মৃত্যু ১১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মারা গেছেন আরও ১১ জন। আর এই সময়ে হাসপাতালে আরও ২৭৮২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের একদিনে মশাবাহিত এই রোগটিতে সারাদেশে ১২ জন মারা গিয়েছিলেন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮২৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫১ জন। আর ঢাকার বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী।
এই সময়ে যে ১১ জন মারা গেছেন তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে, ঢাকার বাইরের হাসপাতালে মৃত্যু হয়েছে ৩ জনের।
গত একদিনে সারা দেশের হাসপাতাল থেকে ছাড়পত্র পান ২ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী। ঢাকা নগরীর হাসপাতাল থেকে ৯৪৬ জন ছাড়পত্র পেয়েছেন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে ছাড়পত্র পান ১ হাজার ৭৬২ জন রোগী।
চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৫৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪৭৬ জনের, ঢাকার বাইরে মারা গেছেন ১৮১ জন।
আজ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন। এর ৬২ হাজার ৪৪০ জন ঢাকায়, ৭৩ হাজার ৪৭৬ জন ঢাকার বাইরে।
এছাড়া এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ১২৭ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ঢাকারহাসপাতাল থেকে ছাড়পত্র পান ৫৭ হাজার ৯১৫ জন, ঢাকার বাইরে ৬৮ হাজার ২১২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সব মিলে ৯ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ভর্তি আছেন ৪ হাজার ৪৯ জন, ঢাকার বাইরে ৫ হাজার ৮৩ জন।