শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

দাম কমেছে তেল-আদার,সরবরাহ সংকট মাছ-সবজির

onp24 • 14 জুলাই 2023, 12:24 দুপুর • 463 বার পঠিত
দাম কমেছে তেল-আদার,সরবরাহ সংকট মাছ-সবজির

সরকার চলতি সপ্তাহেই লিটারে ১০ টাকা কমিয়েছে সয়াবিন তেলের দাম। এখন থেকে লিটারপ্রতি ১৭৯ টাকায় বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেলের দাম ও খোলা তেল বিক্রি হবে ১৫৯ টাকায়। এছাড়া আদাসহ কিছু শাক-সবজির দাম কমেছে রাজধানীর বাজারগুলোতে। তবে সরবরাহ কমে যাওয়ার কথা বলে মাছ ও অধিকাংশ সবজি কেজিতে ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, চাষের পাঙ্গাশ ও তেলাপিয়া মাছ থেকে শুরু করে দেশি প্রজাতির সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

কেজি প্রতি ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে বড় ও মাঝারি আকারের তেলাপিয়া মাছ, ২০০ থেকে ২১০ টাকায় পাওয়া যাচ্ছে ছোট তেলাপিয়া। পাঙ্গাশ মাছের কেজি আকারভেদে ২০০ থেকে ২৪০ টাকা। কেজি প্রতি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি করা হচ্ছে চাষের নলা-রুই মাছ। কেজি প্রতি ৩০০ থেকে ৩২০ টাকায় পাওয়া যাচ্ছে ৮০০ গ্রাম ওজনের রুই মাছ, ১ কেজি ওজনের রুই মাছ ৩৫০ থেকে ৩৬০ টাকা, ২ কেজি ওজনের রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকা। কেজি প্রতি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে মাঝারি চিংড়ি।

কেজি প্রতি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি। ফার্মের ডিম প্রতি ডজন ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ এবং প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে আমদানি করা পেঁয়াজ। আদার দাম কিছুটা কমেছে। ঈদের আগে কেরালা জাতের আদা ৩২০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি করা হয়, দাম কিছুটা কমে এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি আদা ২৮০ থেকে ৩৬০ টাকায়। তবে রসুনের দাম কিছুটা বেড়েছে। খোলা চিনি প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে । আলু কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীতে সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। অন্যান্য শাক-সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়লেও বেশি বেড়েছে টমেটো ও করলার দাম।