চরমপন্থী ভারত প্রতিবেশীদের জন্য হুমকি: ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত সব প্রতিবেশী দেশের জন্যই হুমকি। চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য হুমকি এই ভারত, উপমহাদেশের সবচেয়ে চরমপন্থী ও বর্ণবাদী সরকার রয়েছে। এটি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র।
জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডের স্পিগেল’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান এসব কথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’।
ভারতের বিষয়ে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন ইমরান খান। এ অঞ্চলকে হটস্পট উল্লেখ করে যেকোনো সময় সেখানে বিশৃঙ্খলা হতে পারে বলে সতর্ক করেন তিনি।
প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত হুমকি উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণে আমরা আশা করছি যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিরপেক্ষ হবে। নতুন মার্কিন প্রেসিডেন্ট যে-ই হোন না কেন, এটাই প্রত্যাশা। যুক্তরাষ্ট্র মনে করে ভারতের জন্য চীন হুমকি, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা।’
সম্প্রতি ভারত সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তখন দুই দেশের মধ্যে স্যাটেলাইট ও ম্যাপের স্পর্শকাতর তথ্য আদান–প্রদানের চুক্তি সই হয়। পম্পেও বলেন, নিরাপত্তা ও স্বাধীনতার জন্য চীনের হুমকি মোকাবিলায় দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।