চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায়
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। তিনি আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছান।
বিশেষ ফ্লাইটে ওয়াং ই ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আজ রাতে চীনা পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।
আগামীকাল রোববার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন চীনের মন্ত্রী।
তার আগে, সকাল সাড়ে ৭টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়বেন। ২৪ ঘণ্টারও কম সময় তিনি ঢাকায় অবস্থান করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অবশ্য এখনো দেশে নেই। তিনি কম্বোডিয়া থেকে ঢাকার পথে রয়েছেন। ড. মোমেন আজ শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। সে কারণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে বিমানবন্দরে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।