শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে উইগুরদের বিরুদ্ধে গণহত্যা চলছে: যুক্তরাজ্যের হাউস অব কমন্স

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 10:28 রাত • 160 বার পঠিত
চীনে উইগুরদের বিরুদ্ধে গণহত্যা চলছে: যুক্তরাজ্যের হাউস অব কমন্স

যুক্তরাজ্যের হাউস অব কমন্স প্রথমবারের মতো ঘোষণা করেছে, উত্তর-পশ্চিম চীনে উইগুর এবং অন্যান্যদের বিরুদ্ধে গণহত্যা চলছে। সংসদ সদস্যদের অনুমোদিত এ প্রস্তাবটি যুক্তরাজ্যকে পদক্ষেপ নিতে বাধ্য করে না। কিন্তু এটা সংসদে চীনা সরকারের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের লক্ষণ। জিনজিয়াং অঞ্চলের শিবিরগুলোতে দশ লাখের বেশি মানুষকে আটক রাখা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

প্রতিক্রিয়ায় চীন বলেছে, যুক্তরাজ্যের উচিত অবিলম্বে তাদের ভুল সংশোধন করা।  

এক বিবৃতিতে যুক্তরাজ্যে চীনা দূতাবাস বলেছে, জিনজিয়াংয়ে 'গণহত্যা' হচ্ছে এমন মুষ্টিমেয় কয়েকজন ব্রিটিশ এমপির অযাচিত অভিযোগ শতাব্দীর সবচেয়ে অযৌক্তিক মিথ্যা, চীনা জনগণের প্রতি অপমান এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাজ্যের স্পষ্ট হস্তক্ষেপের তীব্র বিরোধিতাও করা হয়।

চীন গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে এবং যুক্তি দেখিয়েছে, শিবিরগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি হাতিয়ার।