বুদাপেস্টে উইঘুর, তিব্বত ও হংকং স্মরণে সড়কের নামকরণ
হাঙ্গেরীয় সরকার এবং রাজধানী বুদাপেস্টের স্থানীয় প্রশাসন শহরে সাংহাইভিত্তিক ফুদান বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস নির্মাণের পুরনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কিন্তু এ নিয়ে দেশটিতে অসন্তোষ শুরু হয়েছে।
সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীরা চীনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের বিরোধিতা করছেন। তারা বলছেন, হংকং, তিব্বত ও জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন করছে চীন। সে কারণে তারা দেশে চীনের বিশ্ববিদ্যালয় চান না। এবার সে কাতারে শামিল হয়েছে বুদাপেস্ট কর্তৃপক্ষও।
চীনা ক্যাম্পাস নির্মাণের উদ্যোগের প্রতিবাদে বুদাপেস্টের তিনটি রাস্তার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ।
জানা গেছে, একটি রাস্তার নাম হবে ভারতে নির্বাসিত তিব্বতের নেতা দালাই লামার নামে, একটি রাস্তার নাম হবে উইঘুর শহীদ সড়ক’ এবং আরেকটি নাম হবে ‘ফ্রি হংকং রোড’।
এমন ঘটনায় চীন ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে। কারণ বেইজিং সাধারণত তিব্বত, হংকং এবং জিনজিয়াং নীতির সমালোচনার তীব্র প্রতিক্রিয়া দেখায়।