বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
আগামীকাল বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গত রোববার ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে দলটির জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম আহত হন। তিনি আজ বুধবার মারা গেছেন। তার এমন মৃত্যুর প্রতিবাদে বিএনপি হরতাল ডেকেছে।
রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুজন কর্মী মারা গেলেন।
আজ বিকেলে নুরে আলম হত্যার বিচার চেয়ে ভোলায় বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। এরপর হরতালের হরতালের ডাক দেয়। এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদল সভাপতির মৃত্যুতে ভোলায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জেলা কার্যালয়ে হাজির হয়ে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ের বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা বিক্ষোভ মিছিল করে। পুলিশ এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান। আরো ৩০ জন আহত হয়।
তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।