শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত ১

মোহাম্মদ খাইরুল আমিন • 02 নভেম্বর 2025, 11:59 দুপুর • 162 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শিপন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। 

শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে। 

নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক ডাকাতের ছেলে। এ ঘটনায় ইয়াসিন ও নূর আলম নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। শিপন ও রিফাত দুজনই ডাকাতির সঙ্গে জড়িত। পূর্ব বিরোধের জেরে শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিপনের মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ বাকি দুজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।