বলসোনারোর পতন, ব্রাজিলে লুলা দা সিলভার প্রত্যাবর্তন
জইর বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হতে চলেছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ নির্বাচনের মাধ্যমে কার্যত পতন হলো সমালোচিত বলসোনারোর।
‘ব্রাজিলের মানুষ ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, চাকরি করতে চায়। তারা সুযোগ পেতে চায় শিক্ষার। বন্দুকের পরিবর্তে চায় বই। আমরা শান্তি, গণতন্ত্র এবং মর্যাদা চাই। আমরা এখন এক মানুষ।’ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় কথাগুলো বলছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। কারণ তিনিই হতে যাচ্ছেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটির প্রেসিডেন্ট। বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে হারিয়েছেন লুলা।
নির্বাচনে তাদের মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ ধাপের ভোটগণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট। আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।
গত রোববার ব্রাজিলের সুপ্রিম কোর্ট লুলাকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। ৭৭ বছর বয়সী এ নেতার ক্ষমতায় প্রত্যাবর্তন অনুষ্ঠান হতে পারে আগামী ১ জানুয়ারি।
লুলা দা সিলভা বামপন্থী রাজনীতিবদ আর বলসোনারো কট্টর ডানপন্থী।
এই জয়ে বিশ্বনেতারা লুলাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লুলাকে অভিনন্দন জানিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে লুলালে অভিনন্দন জানিয়েছেন।