বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ১৯৪ জনের মৃত্যু
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা এক হাজার বেড়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬২ লাখ ৩১ হাজার ৬১৪ জনে পৌঁছেছে।
তবে একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১ হাজার ৯২০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সোয়া ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫০ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৩৬১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ জন মারা গেছেন।