বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪৫ জনের মৃত্যু
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দুই হাজার বেড়েছে।
এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ লাখ ৩৫ হাজার ৫৮১ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪২ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে।
মহামারি এ ভাইরাসের শুরু থেকেই আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালের দিকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ২৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৬২১ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২২ হাজার ৬২২ জন মারা গেছেন।