বিশ্বে এই প্রথম বৈদ্যুতিক জাহাজ
বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজ উন্মোচন করল স্কান্ডেনেভিয়ান দেশগুলোর অন্যতম দেশ নরওয়ে। বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কার্বন নির্গমন কমানোর লক্ষ্য থেকেই ‘ইয়ারা বার্কল্যান্ড’ নামের এই জাহাজটি তৈরি করা হয়। জাহাজটি গত শুক্রবার গণমাধ্যমকে দেখানো হয়।
নরওয়ের দক্ষিণ-পূর্ব শহর পোরসগ্রুনের একটি কারখানা থেকে ৮ মাইল দূরে ব্রেভিক বন্দরে ১২০ কনটেইনার সার পাঠানোর মাধ্যমে জাহাজটির কার্যক্রম শুরু হয়। জাহাজটি চলাচলের ফলে বছরে প্রায় ৪০ হাজার ডিজেলচালিত ট্রাক চলার প্রয়োজনীয়তা দূর হবে। এতে পরিবেশদূষণ কমবে। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি চালকবিহীন বা স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম। জাহাজটি সম্পর্কে বলা হচ্ছে, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে এটি ছোট পদক্ষেপ হলেও তা সামুদ্রিক শিল্পের ক্ষেত্রে জলবায়ু বিপর্যয় রোধে ভূমিকা রাখতে পারবে। নরওয়ের সার প্রস্তুতকারক ইয়ারার প্রধান নির্বাহী সভেন টোরে হলসেথার জানান, স্বয়ংক্রিয় ও পরিবেশবান্ধব জাহাজ তৈরিতে অসুবিধা ও সমস্যা রয়েছে। এ জাহাজের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আমরা এটি করতে পেরেছি। এটিই বড় পুরস্কার বলে মনে হচ্ছে।