বগুড়ায় জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫
বগুড়ায় মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জুতা পায়ে শহীদ মিনারে উঠে ও জাতীয় সংগীত বিকৃতির মাধ্যমে অবমাননা করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
গত সোমবার রাতে তাদের শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এরা সবাই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। দুপুরে সদর থানার এসআই জাকির আল আহসান জানান, আটকরা সবাই দশম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বয়স ১৮ থেকে ২২ বছর। তারা বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে ভিডিওটি ধারণ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
গ্রেফতার শিক্ষার্থীরা হলো— মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও আরিফ আলী।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করেছে। এ পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে। তারা ভিডিওটি বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাকে পাঠিয়ে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা পেয়ে ওসি সেলিম রেজা ও এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।