শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বগুড়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, চক্রের দুই সদস্য আটক

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 04 মে 2025, 04:40 দুপুর • 259 বার পঠিত
বগুড়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, চক্রের দুই সদস্য আটক

বগুড়া শহরে সেনাবাহিনী ও বিভিন্ন সরকারি বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩ মে) মধ্যরাতে শহরের বড়গোলা টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয় এবং প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আটক ব্যক্তিরা হলেন শহরের শাকপালা এলাকার তাহের আলী (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। অভিযান চলাকালে চাকরির প্রলোভনে আটকে রাখা শিবগঞ্জের মোকামতলা এলাকার সাকিব মিয়া (১৮) নামের এক তরুণকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, চারটি ব্যাংক চেক, ১৪টি স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও প্রতারণার নানা আলামত জব্দ করা হয়।

পুলিশ জানায়, এই চক্রটি চাকরিপ্রত্যাশীদের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করে প্রতারণা করত। তারা চাকরিপ্রার্থীদের কাছ থেকে নিয়োগের অগ্রিম অর্থ নিয়ে পরবর্তীতে কোনো চাকরি দিতে ব্যর্থ হতো। এমনকি কেউ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলেও তাদের কাছ থেকে চুক্তি অনুযায়ী টাকা আদায় করত।

গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী প্রথমে টিনপট্টি এলাকার এক বহুতল ভবনে অভিযান চালিয়ে সাকিব মিয়াকে উদ্ধার করে এবং বায়েজিদকে আটক করে। পরে বায়েজিদের দেওয়া তথ্য অনুযায়ী শাকপালায় অভিযান চালিয়ে তাহের আলীকেও আটক করা হয়।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, “আটক দুজনকে সেনাবাহিনীর মাধ্যমে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে।”