বেইজিংয়ে ওমিক্রন ছড়ানোর মূল কারণ কানাডার পার্সেল
বিশ্বের অন্যান্য দেশের মত করোনা ভাইরাসের সূচনাস্থল চীনেও ছড়িয়েছে অতি সংক্রামক ধরন ওমিক্রন। সম্প্রতি দেশটির রাজধানী বেইজিংয়ে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এটি। এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, কানাডা থেকে আসা একটি পার্সেলের প্যাকেট এই ভ্যারিয়েন্টের সম্ভাব্য উৎস হতে পারে বলে তাদের ধারণা। এ কারণে পার্সেল খোলার সময়—বিশেষ করে বিদেশ থেকে আসা কোনও পার্সেল স্পর্শ করার আগে নাগরিকদের মাস্ক এবং গ্লোভস পরার আহ্বান জানিয়েছে তারা। দেশটির কর্তৃপক্ষ বিদেশি পার্সেল জীবাণুমুক্ত করার এবং ডাকবিভাগের যে কর্মীরা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন; তাদের বিদেশি পার্সেল বিতরণের পরামর্শ দিয়েছে।
শীতকালীন অলিম্পিক গেমস শুরু হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের আগে বেইজিংয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আরও বেশ কয়েকটি শহরে করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাব নির্মূল করতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।