বছরের প্রথম দিনে পবিত্র কাবা শরীফের গায়ে নতুন গিলাফ
আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। অনেক বড় আয়োজনের মাধ্যমে মহররম মাসের প্রথম দিন নতুন গিলাফে মোড়ানো হয় কাবা। আল আরাবিয়া।
সৌদি বার্তাসংস্থা জানিয়েছে, ১৯ জুলাই বুধবার দশ ধাপে ‘পুরাতন গিলাফ’ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে হাতে তৈরি নতুন গিলাফটি কাবায় লাগাতে ১৩০ জনের একটি দল অংশ নেয়। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা।
পবিত্র কাবা শরীফে যে নতুন গিলাফটি লাগানো হয়েছে সেটি তৈরি করা হয়েছে কাঁচা সিল্ক, ১২০ কেজি সোনার তার ও ১০০ কেজি রুপার তার দিয়ে।
পুরো বছরজুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে খুবই সতর্কতার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে কাবার গিলাফটি তৈরি করা হয়।
সিল্ক দিয়ে তৈরি করা গিলাফের কালো অংশটিতে সোনার তার দিয়ে পবিত্র কোরআন শরীফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে।
একটি বিশেষ দল কাবার গিলাফ পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষভাবে তদারকি করেছে। মোট ৫৬টি টুকরায় গিলাফটি তৈরি করা হয়েছে। আর এগুলো একেকটি তৈরি করতে ৬০ থেকে ১২০ দিন সময় লেগেছে।