বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি
পটুয়াখালীর বাউফলে একই সময় একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ সংবাদ সম্মেলন ডাকে। এর ফলে আওয়ামী লীগের কার্যালয় ও এর আশেপাশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে মাইকিং করে তা প্রশাসন থেকে জানানো হয়েছে।
প্রশাসন জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাউফল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এবং এর আশপাশের এলাকার ৫০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তাই আওয়ামী লীগ কার্যালয় ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই তথ্য জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘শান্তি ভঙ্গ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায়’ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
১৪৪ ধারা জারির আদেশে বলা হয়, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের অফিসে (জনতা ভবনে) সংবাদ সম্মেলন ডেকেছেন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদও একই সময়ে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছেন।
এ পরিস্থিতিতে সেখানে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত হয়।