বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন
বাংলাদেশ থেকে এই বছর পবিত্র হজ পালন করতে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে এ কথা বলেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি জানান, সৌদি আরব থেকে এই তথ্য বাংলাদেশকে জানানো হয়েছে। আর আজ এক ইফতার মাহফিলে এই তথ্য প্রতিমন্ত্রী জানান। এই তথ্য প্রতিমন্ত্রী জানালেও সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর কবে হবে, খরচ কেমন হবে, সেসব বিষয়ে কিছু বলেননি তিনি।
করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর পবিত্র হজ পালনের জন্য বিদেশিদের অনুমতি দেয়নি সৌদি আরবের সরকার। এই বছর আবার চালু হচ্ছে হজ। সৌদি কর্তৃপক্ষ কয়েকদিন আগে জানায়, গোটা বিশ্ব থেকে এই বছর ১০ লাখ মানুষ পবিত্র ভূমিতে হজ পালন করতে যেতে পারবেন।
যারা হজে যাবেন তাদের বয়স ৬৫ এর নিচে হতে হবে। এছাড়া হজযাত্রীদের পূর্ণ ডোজ করোনার ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। সৌদি আরবে রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।