শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বাজেটের আগেই সিগারেটের দাম বাড়ল

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মে 2022, 10:36 দুপুর • 1,688 বার পঠিত
বাজেটের আগেই সিগারেটের দাম বাড়ল

প্রত্যেক বছর বাজেট উপস্থাপনার কিছুদিন আগে নানা পণ্যের দাম বাড়ে দেশে। দাম বাড়ে সিগারেটেরও। এবারও তাই হয়েছে। বেড়ে গেছে সব ধরনের সিগারেটের দাম। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে খরচ বেশি হবে। দামি সিগারেটে প্রতি শলাকা ১ থেকে ২ টাকা বেড়েছে দাম। 

দোকানীরা বলছেন, হঠাৎ করে সিগারেটের সরবরাহ কমে গেছে। কেউ কেউ রোববার জানালেন, তারা সিগারেট পাচ্ছেনই না। আবার কোনো খুচরা বিক্রেতা জানান, বেনসন-মার্লবোরো, গোল্ড লিফের মতো সিগারেট তাদের হয়তো লাগে এক কার্টন। সেখানে তারা পেয়েছেন ২/৩ প্যাকেট। শুধু তাই নয়, প্যাকেট প্রতি দামও নেওয়া হয়েছে অন্তত ১৫ টাকা বেশি।

তাই তাদেরও উপায় নেই। প্রতি সিগারেটে অন্তত এক টাকা করে বাড়াতে হয়েছে। 

শনিবার থেকেই বাজার-ঘাটে সিগারেটের দাম বেশি। বেনসন অ্রান্ড হেজেস সিগারেট ছিল ১৫ টাকা প্রতি শলাকা। এখন তা ১৬ টাকার কমে পাওয়া যাচ্ছে না। ১ টাকা বেড়ে এক শলাকা গোল্ড লিফের দাম হয়েছে ১২ টাকা। মার্লবোরো ছিল ১৫ টাকা। 
কোথাও তা ১৫ টাকা এখন, কোথাও ১৭ টাকা। 

দামি সিগারেটের পাশাপাশি অপেক্ষাকৃত কম দামের সিগারেটের দামও বেড়েছে। র‌য়্যাল, ডার্বি, হলিউড ও লাকি স্ট্রাইক সিগারেটের প্রতি শলাকা ছিল ৫ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ছয় টাকা করে।

খুচরা বিক্রেতারা দাবি করছেন, তাদের কাছে সরবরাহ নেই। সিগারেট পাচ্ছেন না। কিন্তু সিগারেট সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি, তার ঠিকঠাক সরবরাহ করছেন। সংকট নেই। 

তাদের দাবি, বাজেটের পর সিগারেটের দাম বাড়বে এই আশায় খুচরা ব্যবসায়ীরা এখন থেকে সিগারেট লুকিয়ে রাখা শুরু করেছেন। জমিয়ে রাখা সিগারেট বাজেটের পর আরো বেশি দামে বিক্রি করার আশা থেকে এই কাজ করছেন তারা। ডিলাররা বলেন, সয়াবিন তেলের মতো সিগারেটও সিন্ডিকেটের শিকার হয়েছে। 

আগামী ৯ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।