শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করলো শ্রীলঙ্কা

অনলাইন নিউজ পোর্টাল • 29 মে 2021, 06:07 বিকাল • 529 বার পঠিত
অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করলো শ্রীলঙ্কা

করোনা মহামারির মধ্যে এবার অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করলো শ্রীলঙ্কা। গত সপ্তাহে কলম্বো উপকূল থেকে সাড়ে ৯ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরের রাসায়নিক মালবোঝাই জাহাজ ‘এমভি এক্সপ্রেস পার্ল’এ আগুন লেগে নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হওয়ার কারণে এ অ্যাসিড বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ দফতর। জাহাজটি গুজরাতের হাজিরা বন্দর থেকে প্রসাধনী তৈরির উপকরণ ও রাসায়নিক নিয়ে কলম্বো যাচ্ছিল বলে জানা গেছে।

খবরে জানা যায়, জাহাজের ট্যাঙ্কে ৩২৫ মেট্রিক টন জ্বালানি ছাড়াও  ১ হাজার ৪৮৬টি পাত্রে প্রায় ২৫ টন বিপজ্জনক নাইট্রিক অ্যাসিড রাখা ছিল।

শুক্রবার সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষের চেয়ারপার্সন জানিয়েছে, আমরা লক্ষ্য করেছি যে এমভি এক্সপ্রেস পার্ল থেকে নাইট্রোজেন ডাই অক্সাইডের ব্যাপক নির্গমন ছিল। বর্ষাকালে আগুন এবং ধোঁয়ার সঙ্গে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস নির্গমন হওয়ায় সামান্য অ্যাসিড বৃষ্টিপাত হতে পারে। এজন্য উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে হবে।

এমইপিএ আরো জানিয়েছে, কার্গো জাহাজটির অনেকাংশের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আগুনের কারণে সৃষ্ট দূষণের ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব সৈকত পরিষ্কার করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।