আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বর্তমান পরিস্থিতিতে জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেন।
শফিকুর রহমান তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ সালের ৩৬ জুলাই একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহেরবানিতে উপহার হিসেবে পেয়েছে জাতি। এ জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া।
তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদীরা দেশকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শফিকুর রহমান আরও লিখেছেন, বাংলাদেশের ১৮ কোটি নির্যাতিত মানুষের দাবি হলো— গণহত্যাকারীদের বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত ও পঙ্গুদের সুচিকিৎসা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কার।
জনগণ এখন গণহত্যার বিচার চায় এবং এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই বলে জানান শফিকুর রহমান।