আর্মেনিয়া ও আজারবাইজানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান
আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ চলমান অবস্থায় দুই দেশকেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সীমানায় কোনো পক্ষের আঘাতই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ।
শনিবার তিনি বলেন, ইরানের সীমান্ত অঞ্চলে সব ধরণের তৎপরতা স্পর্শকাতরতার সঙ্গে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের সীমানা লঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষকেই আমরা কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি। তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর ইরানের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে রকেট ও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। এতে ইরানের পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। দুই দেশের সঙ্গেই ইরানের স্থলসীমা রয়েছে। তাদের মধ্যে এ সংঘর্ষের ফলে আতঙ্কে রয়েছে ইরানি জনগণ।
এর আগে, গত রোববার বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ফের সংঘর্ষে জড়ায় আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী। আর্মেনিয়া দাবি করেছে, আজারবাইজানই প্রথমে বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, তারা আর্মেনিয়ার হামলার জবাবে পাল্টা হামলা করেছে।