আঁধার কাটিয়ে আলোর পথে যুক্তরাষ্ট্র: বাইডেন
যুক্তরাষ্ট্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এবং অর্থনীতিকে চাঙা রাখতে এক লাখ ৮০ হাজার কোটি ডলারের আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
বাইডেন বলেন, অন্ধকার কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন আলোর পথে। এ বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা হ্রাসে একনিষ্ঠভাবে কাজ করা।
প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকার দেয়ার লক্ষ্য নির্ধারণ করে বিরাট সাফল্য দেখিয়েছেন তিনি। এরই মধ্যে আমেরিকায় ২২ কোটিরও বেশি মানুষ অন্তত একটি করে টিকার ডোজ নিয়েছেন। এ ছাড়া করোনার ক্ষতি কাটিয়ে উঠতে জনগণকে দিয়েছেন একাধিক অর্থনৈতিক প্রণোদনা। এক মাসের কম সময়ের ব্যবধানে দুটি নতুন প্যাকেজ ঘোষণা করেছেন।
বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন করে কর্মজীবী, শিক্ষার্থী এবং পরিবারগুলোর জন্য আরও এক লাখ ৮০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।