শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আমরাও করতে পারি ভিসানীতি , শুধু অপেক্ষায় থাকুন: ওবায়দুল কাদের

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জুন 2023, 06:30 বিকাল • 546 বার পঠিত
আমরাও করতে পারি ভিসানীতি , শুধু অপেক্ষায় থাকুন: ওবায়দুল কাদের

 

 বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের  যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে বলেন, আমেরিকা বিশ্বের দেশে দেশে ভিসা নীতি করুক, তাতে আমাদের কিছু  যায় আসেনা ।  আমাদেরও থাকতে পারে ভিসা নীতি।
আমরাও করতে পারি। শুধু অপেক্ষা করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাপিটাল হিলে তাদের দেশের ৯ জন লোক মারা গেল, কিন্তু ট্রাম্প গতকালও বলেছে, আমার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফর স্টিলিং অ্যান্ড রিগ্লিং ইলেকশন। এখনো গত নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। তো এই ডেমোক্রেসি নিয়ে তো প্রশ্ন আছেই।

শনিবার (১৭ জুন) দুপুরে টঙ্গীর চেরাগ আলীতে বিআরটি প্রকল্পের চার কিলোমিটার সেতু টঙ্গী থেকে চেরাগ আলী পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দুর্নীতি আর দুঃশাসনের কথা বললেই বিএনপির নাম উচ্চারণ করতে হয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির যারা দুর্নীতি দুঃশাসন করেছেন, তারা এখন এসব কথা বলছেন। তারা কোন মুখে এতো বেশি কথা বলছেন, আমার ঠিক বুঝে আসেনা ।  

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগামী নির্বাচন হতে দেবে না।  বদরুদ্দিন ওমর সাহেবরাও আবার এখন  মাঠে নেমেছেন। তারা বিএনপিকে   নির্বাচন না করতে দেওয়ার বিষয়ে পরামর্শও দিচ্ছেন।

তিনি আরও বলেন, নির্বাচন করতে দেওয়া হবে না- এই কথা বলার পর মার্কিন ভিসা নীতির কেন ধীরগতি। নির্বাচন করতে দেবে না বলে তারা যে কথাটা বলছে, অবাধ সুষ্ঠ  নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে বাধা দেওয়ার পরিষ্কার ঘোষণা করছে বিএনপি। এখানে ভিসা নীতি কি কাজ করে, আমরা সেটাই দেখবো। নির্বাচনকে সামনে রেখেই তো তাদের সব নীতি। ভিসা নীতি এখানে অন্ধ হয়ে থাকবে, নাকি বধির হয়ে থাকবে, নাকি বাস্তবভাবে কোনো পদক্ষেপ নেবে, সেটাই আমরা দেখবো।

বিএনপি বলছে, বিএনপির আন্দোলনের মুখে ও জনগণের আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। এ বিষয়ে মতামত জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, গত ১৪ বছর যাবত এই কথা  শুনে আসছি।  সরকার থাকতে পারবে না, সরকারকে বিদায় নিতে হবে, আন্দোলন করে এই সরকারকে বিদায় করা হবে। আসলে, আন্দোলনটা কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, আন্দোলনটা কাকে নিয়ে করবে? জনগণ? এই পর্যন্ত তারা তাদের নেত্রীর মুক্তির জন্য দর্শনীয় একটা মিছিল করতে পারে নাই। একটা বিক্ষোভ রাজপথে তারা দেখাতে পারে নাই। আর সরকার হটানোর জন্য দেশে একটা আন্দোলন, গণঅভ্যুত্থান ঘটাবে! আগামী ডিসেম্বরের ১০ তারিখ বেগম জিয়া দেশ চালাবেন!

ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা বলি, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশে জনগণের সম্পৃক্ততায় আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা বহুবার ট্রাই করে দেখেছে, কাজ হয় নাই। আন্দোলন যাকে বলে, এখন পর্যন্ত তারা তাদের অ্যাকশনে সেটাই প্রমাণ করতে পারে নাই।

আমেরিকা যে ভিসা নীতির হুমকি দিচ্ছে, এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কী ভূমিকা নেবে- বাংলাদেশের কোনো নীতি রয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনারা এটা নিয়ে প্রশ্ন করেন না কেন? ক্যাপিটাল হিলে তাদের দেশের ৯ জন লোক মারা গেল, কিন্তু ট্রাম্প গতকালও বলেছে, আমার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফর স্টিলিং অ্যান্ড রিগ্লিং ইলেকশন। এখনো গত নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। তো এই ডেমোক্রেসি নিয়ে তো প্রশ্ন আছেই। দেশে দেশে ভিসা নীতি তারা করুক, তাতে আমাদের কিছু আসে যায় না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। শুধু সময়ের  অপেক্ষা করতে হবে।